দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন। শুক্রবার (২৬ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও দলীয় প্রধানকে স্বাগত জানান।
এর আগে চীনের স্থানীয় সময় বিকেল সোয়া ৫টায় (বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টা) চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। বিমানবন্দরে তাঁকে ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। বিদায়লগ্নে চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং উপস্থিত থেকে শুভকামনা জানান।
গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান।
চীন সফরে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনে অংশ নেন এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পরে দালিয়ান থেকে হাইস্পিড ট্রেনে বেইজিং গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেইজিংয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত একটি মেগা বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর পাঁচ দিনের মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশ-চীন ও বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























