নড়াইলে মোবাইল ফোনের দাম নিয়ে বিরোধে হামলা, আহত ৪
- আপডেট সময় : ০৯:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৪৫ বার পঠিত

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহির গ্রামে পুরাতন মোবাইল ফোন বিক্রিকে কেন্দ্র করে অতিরিক্ত টাকা দাবি এবং তা না পেয়ে চারজনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাহির গ্রামের আছর শেখের ছেলে সাগর শেখ (৫০), আমিনুর শেখের ছেলে জিসান শেখ (১৭), ইশারত শেখের ছেলে শাহিন শেখ এবং আমিনুর শেখের স্ত্রী রত্না বেগম (৩৫)।
আহতদের মধ্যে সাগর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। এ ঘটনায় একই গ্রামের সোহান, রায়হান, বাপ্পা মোল্যা, সোহাগ মোল্যা, উজ্জ্বল মোল্যা, সাকিব মোল্যা, পান্নু মোল্যা, বুলু মোল্যাসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আহত রত্না বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে জিসান অভিযুক্তদের কাছ থেকে পাঁচ হাজার টাকায় একটি পুরাতন মোবাইল ফোন কেনে। চার হাজার টাকা পরিশোধ করে এক হাজার টাকা বাকি রাখা হয়। পরে বাকি টাকা দিতে গেলে বিক্রেতারা মোবাইলটির দাম সাত হাজার টাকা দাবি করে অতিরিক্ত তিন হাজার টাকা চায়। জিসান অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার জেরে গত ২৪ জুন বিকেলে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেলে তাকে, তার ছেলে জিসান, শাহিন শেখ এবং সাগর শেখকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন সাগর শেখ। তিনি আরও দাবি করেন, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন সাগর শেখ বলেন, বাড়িতে হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে যায়। এ সময় বাপ্পা মোল্যা তাদের বাড়িতে বোমা হামলার হুমকি দেন। পরে সাকিব মোল্যা পাশেই থাকা একটি বেলচা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
























