নড়াইলে সুজনের উদ্যোগে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ৪৩ বার পঠিত

তরুণ প্রজন্মের মধ্যে গণতন্ত্র, নির্বাচন ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়ামে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করে সুজন-সুশাসনের জন্য নাগরিক নড়াইল জেলা কমিটি। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজন নড়াইল জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক এম আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হায়দার আলী দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান রঞ্জু।
সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান লাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক তারিকুল আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান সজল এবং দপ্তর সম্পাদক এ এইচ ফুয়াদ জিলানী।
এ ছাড়া বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস, সুজন নড়াইল জেলা কমিটির সহসভাপতি আফরোজা খানম এবং অধ্যাপক আনন্দ মোহন বিশ্বাস। অনুষ্ঠানে সুজনের জেলা কমিটির নির্বাহী সদস্য স্বপন কুমার দাস, নন্দিতা বোস ও রিপন বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৭৫ জন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, ‘সচেতনতা সৃষ্টি, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় দায়িত্ব ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, পুঁথিগত শিক্ষার পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন এবং জনঅংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতের সচেতন ভোটার ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।




















