
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে পশ্চিমবঙ্গে নারীদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ পরিষেবা চালু হয়েছে। সোমবার (১ জুন) থেকে রাজ্যের সরকারি গণপরিবহনে এ সুবিধা কার্যকর করা হয়েছে।
রাজ্য সরকারের নতুন এই উদ্যোগের আওতায় নারীরা এসি ও নন-এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। প্রাথমিকভাবে যেকোনো সরকারি পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা গ্রহণ করা যাবে। পরবর্তীতে নারী যাত্রীদের জন্য বিশেষ স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।
পরিবহন দপ্তর জানিয়েছে, সরকারি বাসে ভ্রমণের সময় নারীদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পরিচয়পত্র, সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের অফিসিয়াল আইডি এবং স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র গ্রহণ করা হবে।
এ সুবিধা নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য বাসচালক ও কন্ডাক্টরদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্যের বাসিন্দা নারী যাত্রীদের পাশাপাশি সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য অন্যান্য নারী যাত্রীরাও এ সুবিধা পাবেন।
সোমবার প্রথম দিন নারী যাত্রীদের ভিড় সামাল দিতে বিভিন্ন এলাকায় পরিবহন দপ্তরের কর্মকর্তাদের তৎপর দেখা যায়। নতুন এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অনেক নারী যাত্রী।
মঞ্জু আগরওয়াল নামে এক যাত্রী বলেন, “আজ থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেয়েছি। আধার কার্ড দেখিয়ে ফ্রি টিকিট নিয়েছি। নারীদের জন্য এটি খুবই ভালো উদ্যোগ।”
অন্যদিকে, আসানসোল ডিপোর ইনচার্জ সন্দীপন ঘোষ জানান, সোমবার থেকেই সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াত কার্যকর হয়েছে। তিনি বলেন, “নারীদের কাছে একটি বৈধ পরিচয়পত্র থাকতে হবে। কন্ডাক্টরকে তা দেখালেই বিনামূল্যের টিকিট দেওয়া হবে। অনলাইনেও টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।”
নারীদের চলাচল আরও সহজ ও সাশ্রয়ী করতে চালু হওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এতে কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।























