নাশকতা মামলায় পুটখালীর আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের কদমতলা-বারোপোতা এলাকা থেকে আসাদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসাদুর রহমান কদমতলা বারোপোতা এলাকার বাসিন্দা। তিনি জালাল উদ্দীন ওরফে ‘জালাল ডাক্তার’-এর ছেলে। তাঁর মায়ের নাম আশুরা খাতুন।
পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে আসাদুর রহমানকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন বলেন, আসাদুর রহমানকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা কিংবা নাশকতার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।





















