বাঙালির ঐতিহ্যভিত্তিক নাচ, গান ও আবৃত্তিতে মাতল শিশুরা
যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোরে মৌমাছি স্কুলের আয়োজনে ‘পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে যশোর টাউন হল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনার পরিচালক (যুগ্মসচিব) হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ. জেড. এম সালেক, যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম ও সোহরাব হোসাইন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌমাছি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি শামছুন্নাহার এবং সদস্য তরিকুল ইসলাম (তারু), আসিফ আকবর খান নিপ্পন ও নোসাইবা সোহেলী (বুবলি)।
আয়োজকেরা জানান, অনুষ্ঠানে মৌমাছি স্কুলের ৩৬০ জন এবং সৃজনশৈলী সংগঠনের ৫৮ জন শিশু অংশ নেয়। শিশুদের পরিবেশনায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে টাউন হল ময়দান।
অনুষ্ঠানে গত ২২ ও ২৯ আগস্ট অনুষ্ঠিত ‘শিশুর বিকাশে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চিত্রাঙ্কন, আবৃত্তি, গান ও নাচের বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬৮ জন শিশুকে এ পুরস্কার দেওয়া হয়। এ সময় মৌমাছি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। সাধারণ বৃত্তি, ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসব শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়ন করছে।
আয়োজকেরা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।





















