পাঁচবিবি সীমান্তে পুশইন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
- আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৮৭ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) বিকেলে সীমান্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রতিক পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসনিন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসনিন বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তাই সীমান্তবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি কিংবা অস্বাভাবিক ঘটনা চোখে পড়লে দ্রুত বিজিবি বা প্রশাসনকে জানাতে হবে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা সীমান্তবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে প্রশাসন, বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।























