
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলের মাঠে পড়ে থাকা বিদ্যুতায়িত বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের ফসলি মাঠের ওপর দিয়ে নেওয়া একটি বিদ্যুৎ লাইনের কাঠের খুঁটি ভেঙে যাওয়ার পর সেখানে ব্যবহৃত একটি বাঁশের খুঁটি দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে ছিল। এলাকাবাসীর অভিযোগ, খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো অপসারণ বা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
বুধবার সকালে মাঠে গরু চরাতে নিয়ে গেলে ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে আসে। এতে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আশপাশের মানুষকে সতর্ক করেন। ফলে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিহত গরুগুলো তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। আকস্মিক এ দুর্ঘটনায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপূরণ প্রদান এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা সেন্টু বলেন, “দীর্ঘদিন ধরে এখানে বাঁশ ও কাঠের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। আমরা বারবার সিমেন্টের খুঁটি স্থাপনের দাবি জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও এসব খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।”
এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটিগুলো অপসারণ বা সংস্কারের উদ্যোগ না থাকায় স্থানীয় বাসিন্দা ও গবাদিপশু সবসময় দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। তারা দ্রুত বাঁশের খুঁটি অপসারণ করে পাকা খুঁটি স্থাপন এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, “বিষয়টি আগে জানা ছিল না। ইতোমধ্যে লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।”
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।























