
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম সেতুর চলমান সংস্কার কাজ পরিদর্শন করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। পরিদর্শন শেষে সংস্কারকাজে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগ তুলেছে সংগঠনটি। বুধবার সকালে কমিটির আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুঘল আমলের এই স্থাপত্যকীর্তির সংস্কার কাজ পরিদর্শন করেন।
জানা যায়, পানাম সেতুর সংস্কার ও সংরক্ষণের দাবিতে এর আগে মানববন্ধন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিল সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি। এর ধারাবাহিকতায় বুধবার দ্বিতীয় দফায় সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে শাহেদ কায়েস বলেন, “সোনারগাঁয়ের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রত্নসম্পদগুলো সংরক্ষণ ও সংস্কার করা জরুরি। একই সঙ্গে এসব ঐতিহাসিক স্থাপনার ওপর গবেষণা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে যারা প্রত্নসম্পদ সংরক্ষণে কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দেরিতে হলেও পানাম সেতুর সংস্কার কাজ শুরু করায় সরকারকে ধন্যবাদ জানাই।”
তবে পরিদর্শন শেষে কমিটির সদস্যরা সংস্কারকাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, সেতুর পিলারের নিচের অংশে কোনো ধরনের সংস্কারকাজ করা হচ্ছে না, যা ভবিষ্যতে সেতুর স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন, সংস্কারকাজে তা যথাযথভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
কমিটির সদস্যদের মতে, পানাম সেতুর দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করতে হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আরও পরিকল্পিত ও মানসম্মত সংস্কারকাজ পরিচালনা করা প্রয়োজন।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, যুগ্ম আহ্বায়ক রহমান মুজিব, সাংবাদিক ও লেখক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উপদেষ্টা মতিউর রহমান, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, শিক্ষা ও গবেষণা সম্পাদক কবি মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান সামছুর রহমান, সাংবাদিক গাজী মোবারক, শেখ ফরিদ, এরশাদ হুসাইন অন্য, উদীচী শিল্প গোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও পরিক্রমার সম্পাদক আরিফুর রহমান এবং সংগঠক রোকেয়া আক্তারসহ অন্যান্য সদস্যরা।























