প্রতারণা মামলায় এসএমপির এসি সোহেল উদ্দিন কারাগারে
- আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২৯ বার পঠিত

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত-১৫-এর বিচারক নাজনীন আক্তার তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম। তিনি জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোহেল উদ্দিনের জামিন আবেদন খারিজ করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আগে জামিনে ছিলেন সোহেল উদ্দিন। গত মাসে মামলাটির বিচার শুরু হয়। বুধবার মামলার কার্যক্রম চলাকালে তার পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। একই দিনে তার বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলার বিচার কার্যক্রম শুরুর তারিখও নির্ধারিত ছিল।
মামলার নথি অনুযায়ী, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল উদ্দিন ২০১৭ সালে ৩৬তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর এলাকার বাসিন্দা রিফাত জাহান স্নিগ্ধার সঙ্গে সোহেল উদ্দিনের পরিচয় হয়। পরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার যমুনা ফিউচার পার্কে তাদের সাক্ষাৎ হয় এবং ২০২২ সালের ৩০ এপ্রিল তিন লাখ টাকা মোহরানায় তাদের বিয়ে হয়।
অভিযোগে আরও বলা হয়, বিয়ের কিছুদিন পর স্নিগ্ধা জানতে পারেন, সোহেল উদ্দিন এর আগে আমিনা কিবরিয়া মিশু নামে আরেক নারীকে বিয়ে করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে যৌতুক দাবি, নির্যাতন, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে স্নিগ্ধা বাদী হয়ে তার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন।
এছাড়া ঢাকার শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং সাময়িক বরখাস্ত সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথীও সোহেল উদ্দিনের বিরুদ্ধে পৃথক একটি মামলা করেছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সোহেল উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


















