প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
- আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৬৩ বার পঠিত

যশোরের এক প্রবাসীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিবারের সদস্যদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আটকরা হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বসুখালী গ্রামের আব্দুর রাজ্জাক গাজী (৩৯) এবং পশ্চিম নলতা গ্রামের আবীর হোসেন (২৫)।
পুলিশ জানায়, ঝিকরগাছা থানায় দায়ের হওয়া সাইবার নিরাপত্তা আইনের একটি মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, আটক আব্দুর রাজ্জাক গাজীর কাছ থেকে নগদ ৩৫ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন, একাধিক সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া আবীর হোসেনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৩১ অক্টোবর মালয়েশিয়া প্রবাসী বিপ্লব হোসেনের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্র। তারা প্রবাসীর স্ত্রীকে জানায়, তার স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন। স্বামীর বিপদের কথা বিশ্বাস করে ভুক্তভোগী নারী ও তার স্বজনরা বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে ধাপে ধাপে মোট ৬ লাখ ৯০ হাজার ৪৫৫ টাকা পাঠান। পরে সরাসরি স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানতে পারেন, তিনি সুস্থ আছেন এবং দুর্ঘটনার কোনো ঘটনাই ঘটেনি।
ঘটনার পর প্রবাসীর স্ত্রী ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পান ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















