ফেরদৌস ওয়াহিদ-শম্পার নতুন গান ‘মন বোঝে না’
- আপডেট সময় : ১০:০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৪০ বার পঠিত

বাংলা পপ গানের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং প্রবাসী বাংলাদেশি শিল্পী সাঈদা শম্পার কণ্ঠে নতুন দ্বৈত গান ‘মন বোঝে না’ মুক্তি পেয়েছে। গানটির কথা লিখেছেন দেশের প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, “এটি সত্যিই একটি ভালো কাজ হয়েছে। গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। তাঁর লেখা গান আমার সবসময়ই পছন্দের। আমার সহশিল্পী সাঈদা শম্পাও খুব ভালো গেয়েছেন। সব মিলিয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গান এটি।”
অন্যদিকে সাঈদা শম্পা বলেন, কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গান করা তার জন্য বিশেষ আনন্দের বিষয়। তিনি বলেন, “তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেন। গানটির রেকর্ডিং থেকে শুটিং—সবকিছুই উপভোগ করেছি।”
গানটির গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ফেরদৌস ওয়াহিদ বাংলা গানের একজন কিংবদন্তি এবং তার গায়কী অনন্য। একই সঙ্গে সাঈদা শম্পাও গানটিতে যথাযথ আবেগ তুলে ধরেছেন বলে তিনি মন্তব্য করেন।
প্রযোজনা সংস্থা গান জানালার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন খুশী ও রাহাত।


























