বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সহসভাপতি আটক
- আপডেট সময় : ০৯:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সহসভাপতি তামিম আল শাহরিয়ারকে আটক করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক তামিম আল শাহরিয়ার বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামের মৃত ইছাবুদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, তামিম আল শাহরিয়ার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।
তিনি আরও জানান, গত ৬ জুলাই দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।





















