বিপুল চোরাচালান পণ্যসহ বিজিবির হাতে দু’জন আটক
- আপডেট সময় : ১০:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৫৬ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আকতারুল ইসলাম (৪৬) এবং সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে রোকনুজ্জামান (২২)।
রোববার (১৪ জুন) দিনব্যাপী বিজিবি-৪৯ ব্যাটালিয়নের বিশেষ টহল দল এবং আমড়াখালী চেকপোস্ট এলাকার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি নগদ ২ হাজার ৮৪৭ টাকা, ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা, ৩টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত চোরাচালানী পণ্যের মধ্যে রয়েছে, ৩২টি শাড়ি, ৬২টি তালা, ৪৩ প্যাকেট ফুসকা, ২৪ প্যাকেট সনপাপড়ি, ৪ কেজি তালমিশ্রী, ১৮০টি খাদ্যসামগ্রী, ২টি হরলিক্স, ২ কেজি কাজুবাদাম, ৩ কেজি গুড়া দুধ, ৬০৩টি চকলেট ও ৫ হাজার ৯৩টি কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৬০৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ পণ্যসহ চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।















