
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর অঞ্চলের বিএলএফ (বাংলাদেশ লিবারেশন ফোর্স)-এর উপ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ, যশোরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক কল্যাণ-এর সম্পাদক একরামুদ্দৌলাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর যশোর অঞ্চলে বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের অবদান সংরক্ষণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মুক্তিযোদ্ধারা রবিউল আলমের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধকালীন নানা স্মৃতিচারণ করেন। জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।




















