মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে ঝিকরগাছায় মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীসহ বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকি ও হামলার প্রতিবাদে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা শহরের সড়ক সেতু চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখা এবং কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তড়িৎ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, পৌর শাখার সাধারণ সম্পাদক পলাশ পাল এবং মাগুরা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুণ্ড।
এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু গৌর ঘোষ, অমর মিত্র, দপ্তর সম্পাদক কৃষ্ণপদ সরকার, কোষাধ্যক্ষ সুরেশ শাহা, পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বণিক, গঙ্গানন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি কালীপদ পাল, কপোতাক্ষ পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক জয়নন্ত বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।





















