কালিগঞ্জে ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগে যুব জামাত নেতা গ্রেফতার
- আপডেট সময় : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন যুব জামাতের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল এবং এক জনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার মত গুরুতর অভিযোগে রয়েছে। তাকে চাঁদাবাজি লুটপাটের অভিযোগে গ্রেফতার কালিগঞ্জ থানা পুলিশ করে। গত শুক্রবার রাতে কালিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের শাহিনুর কবীর শানুর মৎস্য ঘের জোরপূর্বক দখল এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাছ লুটপাটের অভিযোগে শহিদুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার প্রেক্ষিতে শুক্রবার রাতে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় যুব জামাতের রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, মৎস্য ঘের দখল এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সামাজিক ও নৈতিক অবক্ষয়মূলক কর্মকাণ্ড এবং একজনের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার মতো গুরুতর সামাজিক অপরাধের অভিযোগও রয়েছে। তার এই ধরনের কর্মকাণ্ডে কৃষ্ণনগর এলাকার সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, মৎস্য ঘের দখল ও মাছ লুটের সুনির্দিষ্ট মামলায় শহিদুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

























