মোরেলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৩ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৯ আগস্ট) ভোর ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানার বারইখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মো. জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর (রাজপাড়া) গ্রামের রতন হাওলাদারের ছেলে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে করা মামলার তথ্য (পিসি-পিআর) পর্যালোচনা করে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে তিনটি মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।




















