যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত
- আপডেট সময় : ১২:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পঠিত

“সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও ডা. রবিউল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা)। এছাড়া ডা. মেসবাহ-উর-রহমান ও ডা. ফারুক ইশতিয়াক পরাগসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পায়ের সুস্থতা সামগ্রিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, পায়ের রোগ ও ডায়াবেটিক ফুট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা প্রয়োজন।
আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল ও ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়।























