
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকফ (ESkuf) কফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) শিবু মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালি থানার মনিহার-মুড়লী সড়কের বকচর (হুশতলা) এলাকায় অভিযান চালায়। এ সময় শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপ ভ্যান তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে পিকআপের কেবিনের সিটের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২০০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ১০০ বোতল করে মোট ২০০ বোতল সিরাপ ছিল।
আটকরা হলেন— মো. মনির ওরফে মতিন (৪৮), মো. শমসের আলম (২৮) এবং মো. রাহাত (২৮)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, জব্দ করা আলামতসহ আটক ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক পাচার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।























