যশোরে পাঁচ স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৩৮ বার পঠিত

যশোরে পাঁচটি স্বর্ণের বারসহ আটক রিপন মৃধার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ জুলাই) রিমান্ড আবেদনের শুনানি শেষে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।
আসামি রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৭ জুলাই যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা যশোর-ঝিনাইদহ মহাসড়কের পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনকভাবে রিপন মৃধাকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫৮০ দশমিক ১৯ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মনিরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় চোরাচালান দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রোববার শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
























