মালিক আটক
যশোরে মেডিকেল স্টোরে লাইসেন্সবিহীন প্যাথিডিন উদ্ধার
- আপডেট সময় : ১১:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১০ বার পঠিত

যশোর শহরের দড়াটানা মোড় এলাকার ভৈরব সুপারমার্কেটে অবস্থিত ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়াই সংরক্ষণ করা প্যাথিডিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ট্রপিক্যাল মেডিকেল স্টোর থেকে বিক্রির বৈধ অনুমোদন ছাড়াই গোপনে মাদকাসক্তদের কাছে অধিক মূল্যে প্যাথিডিন বিক্রি করা হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা যাচাই করতে অধিদপ্তরের একজন সদস্য ক্রেতা সেজে দোকান থেকে ৩০০ টাকায় একটি প্যাথিডিন ক্রয় করেন।
পরে অধিদপ্তরের কর্মকর্তারা দোকানটিতে তল্লাশি চালিয়ে লাইসেন্সবিহীনভাবে সংরক্ষণ করা আনুমানিক ৩৫ থেকে ৪০টি প্যাথিডিন উদ্ধার করেন। তবে উদ্ধার হওয়া প্যাথিডিনের সঠিক সংখ্যা গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। অভিযান চলাকালে দোকানের মালিক শাহজাহানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া আলামত, প্যাথিডিনের চূড়ান্ত সংখ্যা এবং অভিযানের বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি মাদকের অবৈধ সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।


























