
যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর নতুন কর্মস্থলে বদলি হয়েছেন পুলিশ কনস্টেবল সোহেল রানা। বৃহস্পতিবার ছিল হাসপাতাল পুলিশ ক্যাম্পে তার শেষ কর্মদিবস। তার বিদায়ে হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
দায়িত্ব পালনকালে সোহেল রানা রোগী, স্বজন, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আন্তরিক ও মানবিক আচরণের মাধ্যমে সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেন। অনেকের মতে, তিনি শুধু একজন পুলিশ সদস্য হিসেবেই নয়, বরং একজন মানবিক মানুষ হিসেবে দিন-রাত সাধারণ মানুষের পাশে থেকেছেন।
হাসপাতালে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে রোগী ও স্বজনদের সহযোগিতা করে তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তার দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার কারণে হাসপাতালের বিভিন্ন মহলে তিনি একটি পরিচিত ও সম্মানিত মুখ হয়ে উঠেছিলেন।
স্থানীয় সাংবাদিকরাও তার কর্মদক্ষতা ও মানবিক গুণাবলীর প্রশংসা করেছেন। তাদের মতে, হাসপাতাল ক্যাম্পে দায়িত্ব পালনকালে সোহেল রানা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রেখেছেন।
তার বদলির খবরে হাসপাতালসংশ্লিষ্ট অনেকেই আক্ষেপ প্রকাশ করেছেন। এক সচেতন নাগরিক বলেন, “সোহেল রানা ছাড়া যশোর জেনারেল হাসপাতাল যেন কিছুটা অরক্ষিত মনে হচ্ছে।” অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সুযোগ হলে তাকে আবারও যশোর জেনারেল হাসপাতালের দায়িত্বে ফিরিয়ে আনা হবে।
দীর্ঘ কর্মজীবনের নতুন অধ্যায়ে পা রাখা কনস্টেবল সোহেল রানার জন্য শুভকামনা জানিয়েছেন হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও তিনি তার নিষ্ঠা, সততা ও মানবিকতা দিয়ে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করবেন।





















