শার্শা সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ আহত ৫
- আপডেট সময় : ০৯:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে ৪৯ বিজিবির সদস্য সিপাহি শফিউল আলম ও সিপাহি সাজেদুর রহমান আহত হন। একই ঘটনায় আরও তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বজ্রপাতের পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে সিপাহি শফিউল আলমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেন। পরে বিজিবির অ্যাম্বুলেন্সে করে শফিউল আলমকে যশোর সিএমএইচে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের দুই সদস্য বজ্রপাতে আহত হয়েছেন। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে পাঠানো হয়েছে এবং আমরা তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর প্রবল বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত শুরু হলে সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যসহ আশপাশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আহত হন।
ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।















