শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-চীন বৈঠক
- আপডেট সময় : ০২:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পঠিত

চীনের হুবেই প্রদেশে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ ও যৌথ গবেষণাসহ শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে চীনের উহানে হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ফারহান ইস্তিয়াকও ছিলেন।
অন্যদিকে, হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের উপমহাপরিচালক ডুয়ান শুহুই চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তিনি জানান, হুবেই প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
স্বাগত বক্তব্যে ডুয়ান শুহুই হুবেই প্রদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সক্ষমতা ও অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, হুবেইয়ে আরও বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও শিক্ষা খাতের পেশাজীবীদের স্বাগত জানাতে তারা আগ্রহী।
তিনি শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন সিনিয়র সচিব মো. আবদুল খালেক। দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা এবং যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে দুই পক্ষের মধ্যে একটি ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।
এ সময় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির পরিধি বাড়ানো, শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং হুবেইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেন সিনিয়র সচিব।
পাশাপাশি শিক্ষা খাতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ও যৌথ উদ্যোগ এগিয়ে নিতে হুবেইয়ের প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে দুই পক্ষ শিক্ষা খাতে সহযোগিতার বাস্তবায়নযোগ্য বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। শিক্ষার্থী বিনিময়, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং যৌথ একাডেমিক প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার আরও সুযোগ সৃষ্টির পথ সুগম করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।




















