শিশুর মতোই চারাগাছের যত্ন নিতে হবে…তারেক রহমান
- আপডেট সময় : ০৮:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৭৭ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, গাছ লাগানোই শেষ কথা নয়; প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী বাটাজোর বাজারসংলগ্ন খালের পাড়ে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মধ্য দিয়ে তিনি প্রথম গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। তিনিও একটি চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আজ আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। এসব গাছের যত্ন নিতে হবে।
চারার পরিচর্যার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যত্ন করেন, ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে। তাহলেই পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।
বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এবং উপকারভোগী পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হন।
























