সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
- আপডেট সময় : ০৯:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৪২ বার পঠিত

প্রযুক্তিনির্ভর বর্তমান যুগে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম’-এর উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সকালে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সেমিনারের আয়োজন করা হয়। তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ এবং শিক্ষার্থীদের ভার্চুয়াল জগতে নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সেমিনারে সাইবার নিরাপত্তা, অনলাইন ব্ল্যাকমেইল, সাইবার বুলিং, আইডি হ্যাকিং, অনলাইন জুয়া, ডিজিটাল প্রতারণা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নিরাপদ ইন্টারনেট ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ভাষায় শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
তিনি বলেন, বর্তমান সময়ে কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, সাইবার সচেতনতাও অত্যন্ত জরুরি। সচেতনতা ও সতর্কতাই পারে সাইবার অপরাধ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে। এ ধরনের উদ্যোগ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, উইমেন্স সাপোর্ট সদস্য তাহিরা সুলতানা মিম, অনলাইন বিভাগ ও সাইবার এক্সপার্ট পল্লব ব্যানার্জী এবং টিমের সদস্য তানভীর আহমেদ।
বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপনীয়তা রক্ষা, অপরিচিত ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা এবং সন্দেহজনক লিংকে ক্লিক না করার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করেন। পাশাপাশি সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনি ও প্রযুক্তিগত সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন অনলাইন জীবনের নানা সমস্যা তুলে ধরেন এবং বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে সমাধান ও দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজকরা জানান, একটি সচেতন ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম জেলাজুড়ে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।























