দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা
২৭ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
- আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১১৫ বার পঠিত

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার দর্শকপ্রিয় সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তির প্রায় ২৭ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে নির্মিত হয়েছে সিনেমাটির রিমেক, যার পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান।
নির্মাতা জানিয়েছেন, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে।
রিমেক নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কামরুজ্জামান বলেন, “এ ধরনের জনপ্রিয় একটি ছবি নতুন করে নির্মাণ করা বড় চ্যালেঞ্জের বিষয়। বর্তমান সময়ের দর্শক ও প্রেক্ষাপট মাথায় রেখেই আমরা কাজ করেছি। ছবিটি মুক্তির পর দর্শকরাই এর মূল্যায়ন করবেন।”
১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা বাসু চ্যাটার্জি। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। নতুন সংস্করণে ফেরদৌসের চরিত্রে দেখা যাবে আরিয়ান সারোয়ারকে এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে অভিনয় করেছেন রাদিফা নারমিন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ অনেকে।
এটি আরিয়ান সারোয়ারের দ্বিতীয় সিনেমা হলেও প্রথমবারের মতো তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “শুটিংয়ের আগে আমি ‘হঠাৎ বৃষ্টি’ একাধিকবার দেখেছি। ফেরদৌস ভাইয়ের অভিনয় থেকে অনুপ্রেরণা নিয়েছি, তবে অনুকরণ করিনি। পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অভিনয়জীবনের শুরুতেই এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য বড় অর্জন।”
উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা হিসেবে বিবেচিত। মূল ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস। আর রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।


























