সুন্দরবনের জলদস্যু ‘খানজাহান’ গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৩৩ বার পঠিত

সুন্দরবনের জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী এবং একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যু আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজহারুল ইসলাম খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।
র্যাব আরও জানায়, অভিযানের সময় তার হেফাজতে থাকা পৃথক দুটি পলিথিনের ব্যাগ থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
র্যাবের দাবি, আজহারুল ইসলাম ওরফে খানজাহান একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু। তার অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় খুলনার কয়রা থানা এবং সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।














