ইউএনও'র সার্বিক তত্ত্বাবধানে
নব উদ্দ্যোগে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা
- আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২১ বার পঠিত

পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পৌর এলাকা গড়ে তুলতে খুলনার পাইকগাছায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর তত্ত্বাবধানে ওয়াটারএইড বাংলাদেশ ও স্থানীয় অংশীজনদের সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগে যুক্ত হয়েছেন তিন নারী উদ্যোক্তা।
২০২৬ সালের ২০ এপ্রিল তিন বছর মেয়াদি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে পৌরসভা ও নতুন আলো উন্নয়ন দলের সমন্বয়ে কার্যক্রমটি শুরু হয়। এর আগে ফেব্রুয়ারি থেকে মাঠপর্যায়ে জরিপ ও পরীক্ষামূলক বর্জ্য সংগ্রহ করা হয়।
উদ্যোগটির সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তা বীণা, জুলি ও সীমা ২০২৩ সাল থেকে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও জনসচেতনতামূলক কার্যক্রমে কাজ করছেন। পৌর এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া ও জলাবদ্ধতার সমস্যা কমাতে তাঁরা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের উদ্যোগ নেন।
বর্তমানে পৌরসভার ৩ থেকে ৯ নম্বর ওয়ার্ডের ৫০৬টি পরিবার এ সেবার আওতায় রয়েছে। পাশাপাশি ২৩টি হোটেল, ১০টি ক্লিনিক, আটটি ডায়াগনস্টিক সেন্টার, ১০টি ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বাড়ি থেকে মাসিক ৬০ টাকা এবং প্রতিষ্ঠানভেদে নির্ধারিত সেবামূল্য নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের মাধ্যমে এ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করতে পৌর এলাকায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে। ওয়াটারএইড বাংলাদেশ ও নবোলোক এ কাজে যথেষ্ট সহযোগিতা করেছে। পৌরবাসীকে আরও সচেতন করে সেবার পরিধি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
























