নড়াইলের চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার আসামি যশোরে গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নড়াইলের নড়াগাতী থানার চাঞ্চল্যকর নুর আরাফাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নজরুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নজরুল ইসলাম যশোর শহরের বারান্দিপাড়া, আব্দুর রশিদ সড়ক, সিটি কলেজপাড়া এলাকার মৃত আশিকের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে সৌরবিদ্যুতের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে নুর আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় নুর আরাফাতকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নজরুল ইসলাম এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।























