যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ১০:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি ভারতীয় শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ওষুধসামগ্রী এবং ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























