বাদ যায়নি ছুটির ঘণ্টাও
কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘দুধর্ষ চুরি’
- আপডেট সময় : ০৩:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ৭০ বার পঠিত

যশোরের কেশবপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ও শ্রেণিকক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা ১২টি সিলিং ফ্যান, ১৪টি পানির কল, একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে উপজেলার ৭ নং পাঁজিয়া ইউনিয়নের পাঁচ বাঁকাবরশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াদ আরেফিন জানান, কালীপূজা উপলক্ষে ৮ নভেম্বর বিদ্যালয় বন্ধ ছিল। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজায় লাগানো ছিটকনির হ্যাজবোল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তিনটি শ্রেণিকক্ষের তালা খুলে বিআরবি কোম্পানির ১২টি সিলিং ফ্যান খুলে নিয়ে যায়।
এ ছাড়া বিদ্যালয়ের ওয়াশ ব্লক থেকে ১৪টি পানির কল, অফিস কক্ষ থেকে একটি কাঁসার ঘণ্টা ও পাঁচটি চেয়ারের তোয়ালে চুরি করে পালিয়ে যায়। চুরির খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর হক বলেন, বিদ্যালয়ে চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।





















