বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৩:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অতিথিদের বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন। বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এস. এম. রাজ, সহ-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এস. কে. হাসিব, ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল সাংবাদিকতার প্রসার ও প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধেও মানসম্মত ডিজিটাল সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, বাগেরহাট একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলা। সুন্দরবন, মোংলা বন্দর, পর্যটন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ এ জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে এনপিবি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা বলেন, একটি সংবাদমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এনপিবি -কে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা, সম্ভাবনা এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে হবে। এনপিবি নিউজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে আগামী দিনেও মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন বলেন, এনপিবি নিউজ-এর উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু এবং এর সঙ্গে জড়িত সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি। আশা করি, প্রতিষ্ঠানটি আগামীতেও সত্যের পক্ষে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে।
সুজনের বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এস. কে. হাসিব বলেন, সংবাদমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম বছরেই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনপিবি নিউজ যে পথচলা শুরু করেছে, তা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।
ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহ বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলক যাত্রা শুরু করে এনপিবি নিউজ। একই বছরের ৩০ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধন পায় প্রতিষ্ঠানটি। পরে ১১ অক্টোবর রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এর প্রাতিষ্ঠানিক পথচলা শুরু হয়।
তিনি বলেন, শুরু থেকেই জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, প্রযুক্তি ও বিনোদনসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছে এনপিবি নিউজ। অল্প সময়ের মধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ৬০ লাখ অনুসারীর মাইলফলক অর্জন প্রতিষ্ঠানটির জন্য উল্লেখযোগ্য সাফল্য। তবে একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য শুধু অনুসারীর সংখ্যা কিংবা প্রকাশিত সংবাদের পরিমাণ দিয়ে বিচার করা যায় না; মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় অর্জন। তিনি প্রতিষ্ঠানটির এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জাতীয় ছাত্রশক্তির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান বলেন, একটি সংবাদমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি নিউজ-কে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এনপিবি নিউজ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটির পথচলা আরও এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। আগামীতেও গণমাধ্যমের অগ্রযাত্রায় এনপিবি নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এনপিবি নিউজ -এর বাগেরহাট জেলা প্রতিনিধি জী এম নূরুল হুদা বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়; এটি মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়িত্ব এবং সত্য তুলে ধরার গুরুত্বপূর্ণ অঙ্গীকার। সংবাদকর্মীদের কাজ শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যাঁদের কথা অনেক সময় কোথাও পৌঁছায় না, তাঁদের কথাও তুলে ধরা। সমাজের অসংগতি, মানুষের দুর্ভোগ, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষভাবে প্রকাশ করাই সাংবাদিকতার অন্যতম লক্ষ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, সাংবাদিকতার পথে দায়িত্বশীলতা, সততা, সাহস ও বস্তুনিষ্ঠতা অত্যন্ত জরুরি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ কিংবা অযাচিত পক্ষপাত নয়, বরং তথ্য ও সত্যের ভিত্তিতেই সংবাদকর্মীদের এগিয়ে যেতে হবে। এ সময় তিনি সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতায় নতুন প্রজন্মের সংবাদকর্মীদের আরও দক্ষ ও যোগ্য হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ডিজিটাল সংবাদমাধ্যমের এই সময়ে অনুসন্ধানী সাংবাদিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি নিউজ আরও সমৃদ্ধ হয়ে উঠবে। বাগেরহাটের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


























