যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৪৫ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় করতে বর্তমান সরকার বিস্তৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষকরা শিক্ষার্থীদের বাবা-মায়ের মতোই আদর, স্নেহ ও শাসনের মাধ্যমে প্রকৃত মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলছেন বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (২০ জুন) যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে “নতুন কুঁড়ি স্পোর্টস” চালু করা হয়েছে এবং ভবিষ্যতে আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশু একাডেমির কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। ছয়তলা বিশিষ্ট এ ভবনে শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, ল্যাবরুম, লাইব্রেরি, শিক্ষক ও শিক্ষার্থী কমনরুমসহ আধুনিক সুবিধা রাখা হয়েছে। ভবনের ছাদে সোলার সিস্টেম ও বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।






















