যশোরে মাদক মামলার পলাতক আসামি সঞ্জীত গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ৭৩ বার পঠিত

যশোর শহরতলীর বিরামপুর এলাকার বাসিন্দা ও মাদক মামলার পলাতক আসামি সবুজ অধিকারী সঞ্জীত (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি মডেল থানার উপশহর পুলিশ ক্যাম্পের একটি দল বিরামপুর কালীতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) অলক কুমার দে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঞ্জীত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সঞ্জীত বিরামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত নিরঞ্জন অধিকারীর ছেলে। সঞ্জীতের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উপশহর পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, সঞ্জীতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আরও কিছু ব্যক্তি এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছেন। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।























