বাঘারপাড়ার ভৈরব সেতু নির্মাণের উদ্দ্যোগ নিলেন প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৩৩ বার পঠিত

যশোরের বাঘারপাড়া উপজেলায় ভৈরব নদীর ওপর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি সেতু পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিনি সেতু নির্মাণের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।
জানা গেছে, গত ৬ জুন একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে ‘বাঘারপাড়ায় ভৈরব সেতুর কাজ ৫ বছর ধরে বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ১০ জুন একই বিষয়ে একটি ভিডিও প্রতিবেদনও প্রকাশিত হয়। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সেতুটি পুনর্নির্মাণে আর্থিক সহায়তার উদ্যোগ নেন। প্রতিমন্ত্রীর দেওয়া ৫ লাখ টাকার অনুদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকা এবং বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারসংলগ্ন ভৈরব নদীর ওপর নির্মাণাধীন সেতুটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দুই উপজেলার হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ঝুঁকিপূর্ণ কাঠ ও বাঁশের অস্থায়ী সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, সেতুটি এ অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে এটি অচল ও ঝুঁকিপূর্ণ থাকায় শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে।
এদিকে বৃহস্পতিবার এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সেতুটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা দ্রুত সেতুটির নির্মাণকাজ শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।






















