জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাজীপুরে ড্যাবের নানা কর্মসূচি
- আপডেট সময় : ০৬:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) আয়োজিত কর্মসূচির প্রথম পর্বে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে গাজীপুর শহরের প্রকৌশলী ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা ড্যাবের আহ্বায়ক ডা. আলী আকবর পলানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান দিপু, জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক ও পরিচালক ডা. কামরুল ইসলাম এবং কেন্দ্রীয় ড্যাবের সহদপ্তর সম্পাদক ডা. কায়সার ইয়ামিন ইশাদ।
জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডা. খায়রুজ্জামান, ডা. পলাশ, ডা. মাহবুব হাসান রুবেল ও ডা. আবুল হাসেম।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তাও তুলে ধরে ড্যাবের গাজীপুর জেলা শাখা।





















