জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন
- আপডেট সময় : ০২:৫১:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৬৩ বার পঠিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের মোড়ক উন্মোচন করেন। এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ৬ জুলাই পালিত হবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। দিবসটি উপলক্ষে প্রতি বছর বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন কার্যক্রম এবং এ খাতে অবদান রাখা মানুষের প্রতি স্বীকৃতি জানানো হয়। একই সঙ্গে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এ প্রকাশনার মূল উদ্দেশ্য।

























