যশোরে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা পুরাতন বাজারে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ভূমি অফিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকেন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আফতাব খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু ও তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহারিয়ার হক, সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক মারুফ হোসেন, চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান শামীম, রামনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সতীঘাটা ক্যাডেট মাদরাসার মুহতামিম মাওলানা অজিহুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সেবাপ্রার্থীরা যাতে এ ভূমি অফিসে এসে যথাযথ সেবা পান, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে তহশিলদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অফিসে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ রামনগর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে। এ অফিস আপনাদের, আপনারা সহযোগিতা করবেন। সরকারি কর্মকর্তারা আসবেন-যাবেন, কিন্তু আপনারাই থেকে যাবেন। আমাদের লক্ষ্য মানসম্মত সেবা নিশ্চিত করা। কোনো ধরনের অনিয়ম দেখলে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভূমি অফিস একটি ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জমির কাগজপত্র সংক্রান্ত কাজে মানুষকে প্রায়ই বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়। যথাযথ সহযোগিতা না পাওয়ায় অনেক সময় হয়রানির শিকার হতে হয়। সামান্য একটি কাজের জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হয়, এমনকি অপ্রয়োজনীয় অর্থও খরচ করতে হয়। ভূমি অফিসে মানুষ যথাযথ সেবা পায় না—এমন অভিযোগ দীর্ঘদিনের। আমরা এই গণ্ডি ভাঙতে চাই। আমাদের লক্ষ্য এমন মানসম্মত সেবা নিশ্চিত করা, যে সেবা নিয়ে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চান বাংলাদেশের মানুষের ছোট ছোট কষ্ট ও অস্বস্তির জায়গাগুলো কমিয়ে আনতে এবং অভিযোগের ক্ষেত্রগুলো দূর করতে। তিনি সরকারকে গণমুখী সরকারে রূপান্তর করতে চান। কারণ তিনি বিশ্বাস করেন, এই সরকার একান্তভাবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সরকার।
প্রতিমন্ত্রী বলেন, ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ধর্মবিশ্বাসের ভিন্নতা থাকবে। কিন্তু জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতা ও দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে সরকার একচুলও সরে আসবে না। প্রত্যেক নাগরিকের যথাযথ সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ভূমি অফিস প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন। নবনির্মিত এ ভূমি অফিস চালুর ফলে রামনগর ইউনিয়নের সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

























