খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

দীর্ঘদিন ধরে পলাতক থাকা খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ আভিযানিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম (৫০) খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানার ২০০৯ সালের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে।
এসআরবি সূত্র জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার অপরাধীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে এসআরবি ফোর্সেস। গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।























