ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- আপডেট সময় : ০৩:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ৩৮ বার পঠিত

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এ আবেদন করেন। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রাখেন। বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তাঁর ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ায় শিশুটির অবস্থার অবনতি ঘটে। একই সঙ্গে সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় সে টিকা নিতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায়।
আবেদনে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। তাদের অবহেলার কারণে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর দাবি, বিবাদীদের কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও মানুষের জীবন রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা এবং আইনি বাধ্যবাধকতা লঙ্ঘনের শামিল। তবে আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। মামলার আবেদনটি গ্রহণযোগ্যতা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
















