ডুমুরিয়া সদর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়ে তোলা হবে…শাহজাহান জমাদ্দারের
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. শাহজাহান জমাদ্দার নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, চেয়ারম্যান হওয়ার লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, বরং জনগণের সেবক হিসেবে কাজ করা। তিনি বলেন, “আমার লক্ষ্য ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নকে বৈষম্যহীন, আধুনিক ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।”
তিনি জানান, তার নির্বাচনী ইশতেহারে শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে কাজ করবেন। পাশাপাশি শিক্ষাঙ্গনে অনিয়ম ও দলীয়করণ প্রতিরোধে উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে শাহজাহান জমাদ্দার বলেন, ইউনিয়নের কাঁচা রাস্তা পাকাকরণ, গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার এবং টেকসই অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের দুর্ভোগ কমে।
কৃষিখাতের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার, উন্নত বীজ ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, প্রশিক্ষণের ব্যবস্থা এবং সরকারি প্রণোদনা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল পুনঃখনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে শাহজাহান জমাদ্দার বলেন, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি হিসেবে নয়, তার সততা, যোগ্যতা ও নির্বাচনী ইশতেহার বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। নির্বাচিত হলে জনগণের আস্থা রক্ষা করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।























