শার্শায় ৩২ পূজামণ্ডপে বিএনপির অনুদান
- আপডেট সময় : ১১:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর এলাকার ৩২টি পূজামণ্ডপে অনুদান দিয়েছে বিএনপি। প্রতিটি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে পূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অনুদান দেওয়া হয়। শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি যৌথভাবে এ সভার আয়োজন করে। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়েদ সাবেরুল হক সাবু।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়েদ সাবেরুল হক সাবু বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু ও সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ্বাস, ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ শরিফুজ্জামান পরাগ, পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুমার দাস ও সাধারণ সম্পাদক নীল কমল সিংহ।
এ ছাড়া বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
























