সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৪৮ বার পঠিত

সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের বিরতির সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৭ জুলাই) চারজন বিদেশি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।
দুপুরে সংসদ ভবনে এসে তারা ভবনের অনন্য নির্মাণশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন উপভোগ করেন। নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়।
এদিন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)-এর মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষক-শিক্ষার্থী, নটর ডেম কলেজ-এর ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইড-এর মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড-এর চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের প্রতিনিধি দল এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ-এর মাধ্যমে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন ও অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পান।
























