দিলেন স্থায়ী সমাধানের আশ্বাস
মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর
- আপডেট সময় : ০৮:১৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

নদীভাঙনের কবল থেকে মানুষের বসতভিটা, ফসলি জমি ও সহায়-সম্বল রক্ষায় এবার সরেজমিনে ভাঙন কবলিত এলাকায় ছুটে গেলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কালিয়া উপজেলার বিষ্ণুপুর খেয়াঘাট এলাকায় নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন তিনি। তাঁর নির্দেশনার পর সেখানে শুরু হয়েছে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ। পাশাপাশি নদীভাঙনের স্থায়ী সমাধানে ব্লক সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম নদীর ভাঙনপ্রবণ স্থানগুলো ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের উদ্বেগ, দুর্ভোগ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়গুলো শোনেন। নদীভাঙনের কারণে কোনো পরিবার যেন বসতভিটা ও জমিজমা হারিয়ে বিপাকে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, আমার এলাকার কোথাও নদীভাঙন দেখা দিলে তাৎক্ষণিকভাবে আমাকে ফোনে অবহিত করবেন। আমি চাই না, আমার এলাকার একজন মানুষও নদীভাঙনের কারণে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হোক।
তিনি আরও বলেন, নদীভাঙন মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করে। তাই ভাঙনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু সাময়িক প্রতিরোধ নয়, নদীভাঙন স্থায়ীভাবে রোধে ব্লক সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সংসদ সদস্যের তাৎক্ষণিক উদ্যোগে বিষ্ণুপুর খেয়াঘাট এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে নদীপাড়ের মানুষের প্রত্যাশা, জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি স্থায়ী নদীশাসন ও প্রতিরক্ষা কার্যক্রমও দ্রুত বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম, কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রীস আলীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের উদ্বেগ নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি স্থায়ী সমাধান কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিষ্ণুপুরের নদীপাড়ের বাসিন্দারা।
























