
সাতক্ষীরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর যৌথ অভিযানে এনজিও’র গ্রাহকদের সঞ্চয় ও ক্ষুদ্র ঋণের আট লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) র্যাব-৬ ও র্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির নাম মাহবুবার রহমান (৩৬)। তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন মাহমুদপুর (ভাডুখালী) এলাকার মোঃ আলী মোড়লের ছেলে। তিনি ঝিনাইদহ সদর থানার একটি নিয়মিত প্রতারণা মামলার প্রধান এজাহারনামীয় আসামি।
র্যাব সূত্রে জানা যায়, মামলার বাদীসহ গ্রেফতারকৃত মাহবুবার রহমান ও তার সহযোগীরা ‘ডিএফইডি’ নামক একটি এনজিওতে কর্মরত ছিলেন। গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে তারা ক্ষুদ্র ঋণের কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে বের হন, কিন্তু পরে আর অফিসে ফিরে আসেননি। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, তারা ৮৮ জন ক্ষুদ্র ঋণ গ্রাহকের মোট ৮ লাখ ৬২ হাজার ২৬ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই আসামিরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসান এবং র্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে।























