মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা বহন, কেশবপুরে দুজনকে জরিমানা
- আপডেট সময় : ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৩৯ বার পঠিত

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা বহনের ঘটনায় দুই ব্যক্তিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম (তারু) এবং ভেরচী পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে ব্যবহারের জন্য ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে কোন আইনের কোন ধারায় তাঁদের জরিমানা করা হয়েছে, তা সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।






















