আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ পার্টির
- আপডেট সময় : ০৯:৫১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১৩ বার পঠিত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সংগঠনটি জানিয়েছে, তাদের প্রধান দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) সরকারের সঙ্গে বৈঠক শেষে সিজেপির নেতা সৌরভ দাস বলেন, ‘সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তাই আমরা সব বিক্ষোভকারীকে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
সিজেপির দাবি অনুযায়ী, সরকার নীতিগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ সম্ভব ক্ষতিপূরণ প্রদান, কেন্দ্রীয় সরকার ও এনডিএ-শাসিত রাজ্যগুলোতে আন্দোলন ঘিরে দায়ের করা সব এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে এ আন্দোলনে অংশ নেওয়া কারও বিরুদ্ধে নতুন করে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া। এ ছাড়া পরীক্ষা সংস্কার নিয়ে সিজেপির পাঁচ দফা প্রস্তাব সরকার বিবেচনা করবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য উভয় পক্ষের মধ্যে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে নতুন কোনো এফআইআর দায়ের করা হবে না—সরকার এ দাবিও মেনে নিয়েছে।
আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার তাঁর পদত্যাগের পর এবং সরকারের পক্ষ থেকে বাকি দাবিগুলোর প্রতিও ইতিবাচক সাড়া পাওয়ায় আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সিজেপি।
তবে সংগঠনটি জানিয়েছে, আপাতত আন্দোলন স্থগিত করা হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রয়োজন হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।




















