প্রথমবার সব বোর্ডে একই প্রশ্নপত্র
আগামীকাল শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা
- আপডেট সময় : ০৭:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৭৮ বার পঠিত

দেশজুড়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে। এবারের পরীক্ষার অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস ও অসদুপায় রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা কর্তৃপক্ষ।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন। বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে।
সারা দেশের ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে শিক্ষা কর্তৃপক্ষ। এসবের মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে ৪০টি কেন্দ্র। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ ও সংরক্ষণ, উত্তরপত্রের নিরাপত্তা, ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম, কেন্দ্রের শৌচাগার তল্লাশিসহ ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছেন, প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে কোনোভাবে প্রশ্নফাঁসের ঘটনা ঘটলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্রে নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে শুধু পরীক্ষার্থীর বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর আগামী ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করা হবে।





















